নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে একটি ছাত্রীনিবাসের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিমতাজ খাতুন (২১) রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন মিমতাজ। রোববার দুপুরের দিকে অন্য শিক্ষার্থীরা তাঁর সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীনিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।