বিয়ের আগের দিন বরের মৃত্যু, আনন্দ স্তব্ধ হয়ে   বিষাদ ছড়িয়ে গেলো 

গাইবান্ধা প্রতিনিধি:

বিয়ের আনন্দঘন আগের দিন বরের মৃত্যুতে স্তব্ধ হয়ে বিষাদ ছড়িয়ে গেলো। রাত পোহালেই শুক্রবার বিয়ে, শনিবার বৌভাত। কনের বাড়িতে বর বরণে চলছে নানা আয়োজন। আলোকসজ্জায় সাজানো হয়েছে গেট, সাজানো হয়েছে বাড়িঘরও। বরের বাড়িতেও বিয়েকে ঘিরে ছিল আনন্দ-উৎসবের আমেজ। স্বজন ও প্রতিবেশীদের নিয়ে দুই বাড়িতে যখন উৎসবের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই এলো বরের মৃত্যুর খবর। মুহূর্তেই বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে।

বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে খবর পৌঁছায়, বর মো. আরিফ শাহরিয়ার সৌমিক মারা গেছেন। এ খবরে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে শোকের মাতম।

নিহত মো. আরিফ শাহরিয়ার সৌমিক (২১) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার মো. সুলতান আহমেদের ছেলে। তিনি সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই বিষয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে উত্তীর্ণ হন। কনের বাড়িও একই পাড়ায়।

সৌমিকের একমাত্র বড় বোন শারমিন সুলতানা জানান, সৌমিক প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। চার দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে বেসরকারি একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে নেওয়া হয়।

শারমিন সুলতানার অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ১টার দিকে সেখানকার চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। ওষুধপত্র নিয়ে স্বজনরা সৌমিককে বাড়িতে নিয়ে যান। পরে বিকেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *