রংপুরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সামুরাই প্রশিক্ষণ সেমিনার ২০২৬ 

সিটি রিপোর্টার: রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিভাগীয় সামুরাই প্রশিক্ষণ সেমিনার ২০২৬। ড্রাগন শিতো-রিউ কারাতে একাডেমি বাংলাদেশ, রংপুর বিভাগের আয়োজনে এবং রংপুর বিভাগীয় প্রশিক্ষক ইলিয়াস আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৬  অক্টোবর সকাল ১০টায় রংপুর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

তিনি বলেন, “মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও চরিত্র গঠনের শিক্ষা। রংপুরের তরুণদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে কারাতে চর্চার বিকল্প নেই। এই ধরনের আন্তর্জাতিক মানের সেমিনার রংপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু। সভাপতিত্ব করেন ড্রাগন শিতো-রিউ কারাতে একাডেমি রংপুর এর সাধারণ সম্পাদক,বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আবু আহমেদ সিদ্দিক পারভেজ।

এবারের সেমিনারের মূল আকর্ষণ ছিলেন জাপান থেকে আগত সামুরাই মাস্টার ইউকি ইয়োনেয়ামা। তিনি দুই দিন ধরে শিক্ষার্থীদের সামুরাই টেকনিক, শিতো-রিউ কাতা, কুমিতে এবং আত্মরক্ষার আধুনিক কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তাঁর নিখুঁত প্রদর্শনীতে মুগ্ধ হন উপস্থিত সকলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের ডিরেক্টর মিরাজুল মহসিন,

প্রফেসর ড. মো. জাবেদ আখতার, মো. বোরজাহান কবির, এ কে এম মাসুদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবেদ আলী এবং রংপুরের ক্রীড়াবিদ শামীম খান মিসকিন।

সেমিনারে রংপুর বিভাগের ৮ জেলা থেকে শতাধিক প্রশিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে রংপুর মহানগরের সিনিয়র প্রশিক্ষক শাহ আলম বাচ্চু, এবি বাবেল, ইউসুফ আলী, কুড়িগ্রাম থেকে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল ও তার টিম, দিনাজপুর থেকে মাসুদুল ইসলাম মাসুদ ও তার টিম, ঠাকুরগাঁও থেকে আবদুল খালেকুজ্জামান খালেক ও তার টিম, লালমনিরহাট থেকে আবু অস্কর পরশ, নীলফামারী থেকে গায়ত্রী রানী রায় অংশ নেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে নেত্রকোণা থেকে ইমরুল কায়েস তার টিম নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।

আয়োজক ও রংপুর বিভাগীয় প্রশিক্ষক ইলিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশে কারাতে’কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতেই আমাদের এই আয়োজন। জাপানি মাস্টারের সরাসরি প্রশিক্ষণ আমাদের ছাত্রদের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতে রংপুরে আরও বড় পরিসরে আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *