মো. খোকন মিয়া, কিশোরগঞ্জ:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যালয়টির ১৬ শিক্ষক-কর্মচারীর বিপরীতে এ বছর ১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। অপরদিকে ফেল করেছে ১৭ জন।
জানা গেছে, উপজেলার কেল্লাবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৪ জন পরীক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে, বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করায় বিদ্যালয়টির শিক্ষার মান ও ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, অন্য প্রতিষ্ঠানের তুলনামূলক ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় কেন্দ্র বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলে একটি ইতিবাচক চিত্র দেখা যেতে পারে। কিন্তু নিজ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের বড় একটি অংশের অকৃতকার্য হওয়ার বিষয়টি বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার মান নিয়ে গুরুত্বসহকারে পর্যালোচনা করা প্রয়োজন।
এ বিষয়ে বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতা রায় বলেন, “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ভালো ফলাফল হয়নি।”
কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিদ্যালয়ের নিজস্ব পরীক্ষার্থীদের এমন ফলাফলের কারণ, শিক্ষার পরিবেশ এবং পাঠদানের কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।