হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন (মঙ্গলবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নীল-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালিতে অংশ নেওয়া সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাসের সড়কগুলো।
আয়োজকদের মতে, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থকদের আবেগ, ভালোবাসা ও ঐক্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ইসিই ২২ ব্যাচের শিক্ষার্থী মোকাদ্দেছ হোসেন রাসেল বলেন, আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU) থেকে আমরা আর্জেন্টিনা সমর্থকরা আগামীকালের আর্জেন্টিনা দলের খেলা উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা আমাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছি।আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগ ও গর্বের প্রতীক। আমরা আশা করি, গতবারের মতো এবারও দলটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।এই শোভাযাত্রার মাধ্যমে আমরা খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। সকল দলের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রিয় দলের জন্য শুভকামনা জানাই।
ভামোস আর্জেন্টিনা!
ইনশাআল্লাহ, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।