সিটি রিপোর্টার: রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তাই, দীর্ঘদিনের অবকাঠামো সংকট, বেহাল অবস্থার সড়ক ও নাগরিক দুর্ভোগ কাটিয়ে রংপুর নগরীকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসাবে তৈরি করার সুযোগ হবে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বিভিন্ন খাতের মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
দুটি প্রকল্পের মধ্যে ‘রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
এই প্রকল্পের আওতায় নগরের যোগাযোগ ও পানি নিষ্কাশনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন করে ১৮৬ দশমিক ১৭ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক নির্মাণ, ১৩৯ দশমিক ১৫ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক সংস্কার এবং ১১৮ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্ত করা হবে। পাশাপাশি ৩১ দশমিক ৬০ কিলোমিটার আরসিসি সড়ক, ১৪৫ দশমিক ৩১ কিলোমিটার আরসিসি ড্রেন, ৫৫ দশমিক ৯৯ কিলোমিটার সড়কসহ ড্রেন এবং ২২টি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে ‘রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে।