ডাঃ ফাহমিদা সুলতানা জোনাকী:
সেবা ও শিল্প খাতের অগ্রগতির মাঝেও বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। দেশের কৃষক নানা প্রতিকূলতা উপেক্ষা করে মাঠে ফসল ফলায়, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে এবং অর্থনীতির চাকাকে সচল রাখে। কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের প্রকৃত অর্থনৈতিক মূল্য কি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি? প্রতিবছর বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হলেও তার একটি বড় অংশ এখনো প্রাথমিক অবস্থায় বিক্রি হয়। সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্যাকেজিং ও বাজারজাতকরণের সীমাবদ্ধতায় কৃষক যেমন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দেশ হারাচ্ছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা।
এই বাস্তবতায় বাংলাদেশের উত্তরাঞ্চলকে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ । দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট; এই বিস্তীর্ণ জনপদ কৃষি উৎপাদনের জন্য সুপরিচিত। ধান, গম, ভুট্টা, আলু, আম, লিচু, শাকসবজি, দুধ, মাছসহ নানা কৃষিপণ্যের প্রাচুর্য এ অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পায়নের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (DAE) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে মোট ২৮ লাখ ৫৬ হাজার ৬৫ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। অন্যদিকে, একই অর্থবছরে এই অঞ্চলে শীতকালীন সবজি উৎপাদিত হয়েছে ১১ লাখ ৭৭ হাজার ৮০০মেট্রিক টন।.অথচ উৎপাদনের তুলনায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের সুযোগ এই অঞ্চলের কৃষকদের মাঝে এখনো অনেক সীমিত।
উত্তরাঞ্চলের কৃষির দিকে তাকালে সম্ভাবনার ব্যাপ্তি সহজেই উপলব্ধি করা যায়। দিনাজপুরের ধান, লিচু ও ভূট্টা, ঠাকুরগাঁওয়ের গম, পঞ্চগড়ের চা ও কৃষিপণ্য, রংপুরের আলু ও বিভিন্ন ফলমূলসহ শীতকালীন শাকসবজি-প্রতিটি পণ্যকে কেন্দ্র করে আলাদা শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। উদাহরণস্বরূপ, আলু শুধু কাঁচামাল হিসেবে বিক্রি না করে তা থেকে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্লেক্স ও স্টার্চ উৎপাদন,ভুট্টা থেকে পশুখাদ্য, পোলট্রি ফিড ও শিল্পের কাঁচামাল তৈরি সম্ভব। আবার আম ও লিচু থেকে জুস, জ্যাম, জেলি এবং ফ্রোজেন পণ্য উৎপাদন করা যেতে পারে। একইভাবে দুধ থেকে পনির, মাখন, দই ও গুঁড়া দুধ উৎপাদনের মাধ্যমে দুগ্ধশিল্পের বিস্তার ঘটানোও সম্ভব।এতে কৃষিপণ্যের মূল্য সংযোজন হবে, কৃষকের বাজার সম্প্রসারিত হবে এবং গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কৃষির মৌসুমি আয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে সারা বছর অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা সম্ভব হবে।
কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সবচেয়ে বড় শক্তি হলো কৃষক ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক নির্ভরশীলতা। কিন্তু আমাদের দেশে কৃষক ও শিল্পকারখানার মধ্যে সেই সম্পর্ক এখনো যথেষ্ট সুদৃঢ় নয়। একজন কৃষক জানে না তাঁর উৎপাদিত পণ্য কোন শিল্পপ্রতিষ্ঠানে কী পরিমাণ প্রয়োজন, আর শিল্পপ্রতিষ্ঠানও অনেক সময় নির্দিষ্ট মান ও পরিমাণে কাঁচামাল সংগ্রহ করতে সমস্যায় পড়ে।এই ব্যবধান দূর করতে চুক্তিভিত্তিক কৃষি (Contract Farming) এবং কৃষক সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণনব্যবস্থা চালু করা জরুরি। শিল্পপ্রতিষ্ঠান আগাম কৃষকের সঙ্গে চুক্তি করবে, প্রয়োজনীয় বীজ, প্রযুক্তি ও পরামর্শ দেবে এবং উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করবে। এতে কৃষকের বাজারঝুঁকি কমবে, শিল্পপ্রতিষ্ঠান নিশ্চিত কাঁচামাল পাবে এবং কৃষি উৎপাদন পরিকল্পিত ধারায় পরিচালিত হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে উৎপাদক সমবায় গড়ে তোলা গেলে তাঁরা একদিকে যেমন দরকষাকষির ক্ষমতা অর্জন করবেন, অন্যদিকে শিল্পের সরবরাহব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবেন।
বিপুল সম্ভাবনাময় উত্তরাঞ্চলের কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিকাশের অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো সংরক্ষণ ও পরিবহন অবকাঠামোর সীমাবদ্ধতা। মৌসুমে প্রচুর আম, লিচু, টমেটো, সবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হলেও যথাযথ সংরক্ষণের অভাবে অনেক সময় কৃষক বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করে। কিছু পণ্য বাজারজাত করার আগেই নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে উৎপাদন অঞ্চলভিত্তিক আধুনিক হিমাগার, বাজার ভিত্তিক মিনি কোল্ড স্টোরেজ, প্রি-কুলিং সেন্টার, প্যাকিং হাউস এবং রেফ্রিজারেটেড পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে।শুধু বড় শহরকেন্দ্রিক অবকাঠামো নয়, গ্রাম ও উৎপাদনকেন্দ্রের কাছাকাছি সংরক্ষণব্যবস্থা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি কৃষিপণ্য সংগ্রহের জন্য আধুনিক অ্যাগ্রিগেশন সেন্টার স্থাপন করা যেতে পারে। এসব কেন্দ্রে পণ্যের বাছাই, গ্রেডিং, ওজন, মান যাচাই এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকবে। কৃষকের উৎপাদিত পণ্য যাতে মাঠ থেকে সরাসরি শিল্পকারখানায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করাই হওয়া উচিত পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। জমি, যন্ত্রপাতি, কারখানা, পরীক্ষাগার, হিমাগার, প্যাকেজিং ও পরিবহনব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন অপরিহার্য। কিন্তু আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। এখানে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিসহায়তা এবং সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সমন্বয়ে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের জন্য বিশেষ অর্থায়ন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।বিশেষ করে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ শর্তে ঋণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি কেনার অর্থায়ন, হিমাগার ও কোল্ড চেইন স্থাপনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং কৃষকের উৎপাদন ও বিক্রয়চক্র অনুযায়ী ঋণ পরিশোধের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে জামানতনির্ভর ঋণব্যবস্থার পাশাপাশি প্রকল্পের সম্ভাব্য আয়, উৎপাদন সক্ষমতা ও বাজারসংযোগ বিবেচনায় নিয়ে অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।
উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের আলোচনায় কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ অঞ্চলের অনেক মানুষ জীবিকার প্রয়োজনে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও বড় শহরে পাড়ি জমায়। অথচ স্থানীয় কৃষিপণ্যকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলা গেলে নিজ এলাকাতেই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। একটি ফল প্রক্রিয়াজাত কারখানা শুধু কয়েক শ শ্রমিকের কর্মসংস্থান তৈরি করে না; এর সঙ্গে যুক্ত হয় ফল সংগ্রহকারী, পরিবহনশ্রমিক, প্যাকেজিং কর্মী, যন্ত্রচালক, বিপণনকর্মী, কৃষি পরামর্শক এবং অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা।
বিশ্ববাজারে প্রস্তুত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা ক্রমেই বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠীসহ আন্তর্জাতিক বাজারে দেশীয় খাদ্যপণ্যের একটি সম্ভাবনাময় ক্রেতাগোষ্ঠী রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে পণ্যের মান, খাদ্য নিরাপত্তা, প্যাকেজিং, সংরক্ষণকাল ও সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে হবে। HACCP, ISO, Halal এবং অন্যান্য আন্তর্জাতিক মান অর্জনে উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক কিংবা কৃষিপণ্যভিত্তিক ক্লাস্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য জমি, বিদ্যুৎ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন সুবিধা নিশ্চিত করা যেতে পারে। এতে উত্তরাঞ্চলের কৃষিপণ্য শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ থাকবে না; আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবে।
বাংলাদেশের উত্তরাঞ্চলকে দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর ও তুলনামূলকভাবে কম শিল্পায়িত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু সময় এসেছে এই অঞ্চলকে নতুন দৃষ্টিতে দেখার। কৃষিপণ্যের প্রাচুর্য, জমি, শ্রমশক্তি, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং আঞ্চলিক বাজারসংযোগ সবকিছু মিলিয়ে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।মনে রাখতে হবে,কৃষকের যে ঘামে ফসল উৎপাদিত হয়,সেই ফসলের মূল্য সংযোজনই গড়ে তুলতে পারে শিল্পসমৃদ্ধ উত্তরাঞ্চল।