রংপুর-বড়বাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনটি যানবাহন রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী ইমদাদুল হক (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক ফকিরের তকেয়া এলাকায় পৌঁছালে একটি গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক, নছিমন ও মোটরসাইকেল, তিনটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক নিহত হন এবং নছিমনে থাকা একটি গরু মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম রেজা বলেন, ট্রাকটি নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে ইমদাদুল হকের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিয়েছে। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *