প্রধানমন্ত্রী স্বর্ণপদকের চূড়ান্ত তালিকায় বাকৃবির ১৩ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী। গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, বাকৃবি থেকে মনোনীত ১৩ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালে ৬ জন, ২০২০ সালের ৬ জন এবং ২০২১ সালের ১জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন। ২০১৯ সালের মনোনীতরা হলেন- ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা (সিজিপিএ ৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (সিজিপিএ ৩.৯৮), পশুপালন অনুষদের শারমীন ইসলাম (সিজিপিএ ৩.৮৭৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (সিজিপিএ ৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ (সিজিপিএ ৩.৯২৯) ও মৎসবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি (সিজিপিএ ৩.৯১৪)

২০২০ সালের মনোনীতরা হলেন- ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন (সিজিপিএ ৩.৯১), কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা (সিজিপিএ ৩.৯৩), পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম (সিজিপিএ ৩.৯৩), কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান (সিজিপিএ ৩.৯১), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল (সিজিপিএ ৩.৯২) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু (সিজিপিএ ৩.৮৮)। ২০২১ সালে মনোনীত একজন হলেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস (সিজিপিএ ৩.৯০)

জানা যায়, ‎বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকা পুনরায় যাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *