পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা এমন প্রত্যয় নিয়ে রংপুরের পীরগাছায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল।
সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন পীরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা।
ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা বলেন, কিশোর ও তরুণদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঠমুখী করা এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাদক থেকে দূরে রাখতে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, খেলাধুলার সুযোগও তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য তরুণদের হাতে মাদক নয়, ফুটবল তুলে দেওয়া। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।
মাসুদ রানা নামের এক শিক্ষার্থী জানান ‘ফুটবল পেয়ে আমরা অনেক আনন্দিত। আগে নিয়মিত খেলার সুযোগ কম ছিল। এখন আমরা বন্ধুদের নিয়ে মাঠে খেলতে পারব। মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে চাই।’
স্থানীয় শাহাদুল ইসলাম বলেন, ‘বর্তমানে কিশোরদের মাদক ও নানা অপরাধ থেকে দূরে রাখা বড় চ্যালেঞ্জ। তাদের মাঠে খেলাধুলার সুযোগ করে দিলে অবসর সময়টা ভালো কাজে কাটবে। জুয়েল রানার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াবে বলে আমরা মনে করি।’
স্থানীয়রা জানান, শুধু ফুটবল বিতরণ নয়, নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতাও বাড়বে।
এসময় শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।