রংপুরে ৪ মোটরসাইকেল চোর গ্রেফতার 

সিটি রিপোর্টার:

রংপুরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে চুরি হওয়া পুলিশের ওই মোটরসাইকেলসহ ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।

গ্রেফতাররা হলেন রংপুরের মিঠাপুকুরের কয়ারমারী এলাকার ফুলু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জের শাহাপারা হাজীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হুমায়ুন কবীর রাব্বী (১৯), বদরগঞ্জের কুতুবপুর বালুয়াপাড়ার আনিসুল হকের ছেলে ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর এলাকার মুক্তি আলমের ছেলে রমজান আলী (১৯) 

ওসি মিলন কুমার চ্যাটার্জি জানান, পুলিশের এসআই রিয়াজুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচে সিঁড়ির পাশে তার মোটরসাইকেলটি রেখে আসামি সংক্রান্ত বিষয়ে কোর্ট পরিদর্শকের সঙ্গে দেখা করতে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেন তিনি। পরবর্তী সময়ে কোর্ট চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখেন, অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেলটি চুরি করেছে। 

এ ঘটনায় তিনি একটি মামলা করেন। মামলার সূত্র ধরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও সোর্সের মাধ্যমে প্রথমে মোস্তাফিজুর রহমানকে শনাক্ত ও তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবীর রাব্বী, ওবায়দুল হক ও রমজান আলীকে আটক করা হয়। তবে এই চোর চক্রের সদস্য রাহাত মিয়া (২০) পলাতক রয়েছেন। পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যের মোটরসাইকেলসহ ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

চোর চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *