কুবিতে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, সম্ভাবনাময় উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্পর্কে ধারণা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ’ শীর্ষক প্রচারণামূলক কর্মশালা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে আদর্শ সদর উপজেলার লিড ব্যাংক হিসেবে এবি ব্যাংক পিএলসি এবং সদর দক্ষিণ উপজেলার লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক পিএলসি দায়িত্ব পালন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

তাছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, এবি ব্যাংকের এসিভিপি আশীষ কুমার দেবনাথ, পূবালী ব্যাংকের ডিজিএম মইনুল ইসলামসহ কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, তরুণরাই দেশের প্রাণশক্তি। তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলেই দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পড়াশোনা শেষে কেবল চাকরির পেছনে না ছুটে সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন।

তিনি আরও বলেন, সমাজে সব ধরনের কাজের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে অর্থায়ন ব্যবস্থা সহজ করার আহ্বান জানান তিনি। সব কাজের পেছনে দেশপ্রেমকে সবচেয়ে বড় প্রেরণা হিসেবেও উল্লেখ করেন প্রক্টর।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, দেশে শিক্ষিত বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০ একরের নতুন গ্রিন ক্যাম্পাসে স্থানান্তরের পর শিক্ষার্থী উদ্যোক্তাদের বিনামূল্যে জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিভিন্ন উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ঋণের চক্রবৃদ্ধি সুদের ভয় দূর করতে সহজ শর্তে ও সহনীয় কিস্তিতে ঋণ প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় এবং তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে বাস্তবায়িত এ কর্মসূচিকে স্বাগত জানান। তিনি কর্মশালার দ্বিতীয় পর্বে ব্যাংক কর্মকর্তাদের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে ঋণ ও প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া এবং শর্তাবলি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সুবিধা পেতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য বিদ্যমান অর্থায়ন সুবিধা, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্তাবলি তুলে ধরেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *