পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় তাপমাত্রা কমে জেঁকে বসতে শুরু করেছে শীত। টানা দুই দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
টানা দুই দিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশার সঙ্গে শুরু হচ্ছে উত্তরের হিমশীতল বাতাস। রাতে বাড়ছে শীতের তীব্রতা, সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডা। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ। তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের তাপ ছড়িয়ে পড়লে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে দুদিন ধরে শীতের অনুভূতি বেড়েছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।