অনন্য রহমান, সিটি রিপোর্টার:
আশ্বিনের শুরুতেই উত্তর জনপদে দেখা মিলছে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। ভোররাতে অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ, আর এতে করে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
রংপুর সদর উপজেলার উপকণ্ঠ এলাকা জুড়ে মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে দূরের গাছপালা, ঘরবাড়ি ও সড়কপথ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
ভোরের দিকে মাঠ-প্রান্তর, ফসলি জমি ও খোলা স্থানগুলো কুয়াশার সাদা চাদরে ঢেকে যায়। এতে প্রকৃতিএক মনোরম দৃশ্যের সৃষ্টি করে জানিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা।
কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও শনিবার ভোরে কুয়াশার চাদর প্রকৃতিকে সাজিয়ে তুলেছিল অপরূপ সাজে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভোরে কুয়াশা সৃষ্টি হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গেলে কুয়াশার পরিমাণ বাড়তে পারে।
এদিকে মৌসুমের প্রথম ভোরের কুয়াশায় প্রকৃতি যেন নতুন এক রূপে ধরা দিয়েছে প্রকৃতিপ্রেমীদের কাছে।