বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকার সময় ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আমাদের অবস্থান স্পষ্ট, আমরা রাজপথে আছি এবং শিক্ষার্থীদের স্বার্থে রাজপথেই থাকব।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটকের পর ওই শিক্ষার্থী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। এ কারণে প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’