মশার প্রজননস্থল ধ্বংসে বাকৃবিতে ছাত্রদলের অভিযান

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। গ্লাভস ও মাথায় সুরক্ষাসামগ্রী পরে তাঁরা ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *