পঞ্চগড়ে মাঠ পর্যায়ে সরকারি-বেসরকারি কৃত্রিম প্রজনন সমন্বয়ে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি:

মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি কৃত্রিম প্রজনন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার, সেবার মানোন্নয়ন এবং কৃত্রিম প্রজনন বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পঞ্চগড় জেলায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আওতাধীন সকল AISP (Artificial Insemination Service Provider)-কে নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবা আরও কার্যকর ও বৈজ্ঞানিকভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাঃ মোহাম্মদ আব্দুস সোবাহান, জেলা ট্রেনিং অফিসার, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, মহাব্যবস্থাপক ও হেড অব ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং কৃষিবিদ ডাঃ মোঃ আব্দুল কাদের, ভেটেরিনারি অফিসার, পঞ্চগড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ডাঃ মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, পঞ্চগড়।

কর্মশালায় কৃত্রিম প্রজনন কার্যক্রমে ব্র্যাকের ভূমিকা, কৃত্রিম প্রজনন নীতিমালা, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম প্রজনন সম্পাদনের করণীয় এবং গবাদিপশুর বিভিন্ন রোগবালাই ও সেগুলো প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ। তিনি মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবা প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডাঃ মদন কুমার রায়, থেরিওজেনোলজিস্ট; ডাঃ মরিয়ম রহমান, ULO, পঞ্চগড় সদর; ডাঃ মোঃ এরমান আলী, RM, রংপুর অঞ্চল এবং মোঃ আবুসায়েম, এরিয়া ম্যানেজার, পঞ্চগড়।

অনুষ্ঠানে অতিথিরা মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবার মান আরও উন্নত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী তিনজন AISP-কেও পুরস্কৃত করা হয়। এ পুরস্কার প্রদানের মাধ্যমে কর্মীদের মধ্যে উৎসাহ, প্রতিযোগিতামূলক মনোভাব এবং আরও ভালোভাবে সেবা প্রদানের আগ্রহ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষিবিদ ডাঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ মাঠ পর্যায়ের কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এর মাধ্যমে কৃত্রিম প্রজনন সেবার মানোন্নয়ন এবং গবাদিপশুর উন্নত জাত সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি কৃত্রিম প্রজনন সেবাদানকারীদের মধ্যে সমন্বয় থাকলে সেবার কার্যকারিতা বাড়বে এবং খামারি ও গবাদিপশু পালনকারীরা আরও উন্নত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

কর্মশালায় এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপ-পরিচালক কৃষিবিদ ডাঃ মোঃ শহিদুল ইসলাম। তিনি ভবিষ্যতেও মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে এ ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পঞ্চগড়ে আয়োজিত এ কর্মশালা মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবার মানোন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *