হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এবং শরীরচর্চা শিক্ষা শাখার সার্বিক সহযোগিতায় ৫ দিনব্যাপী ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানসহ অন্যন্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শারিরীক সুস্থ্যতা ও মেধার বিকাশের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা অত্যাবশ্যক। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে তাহলে মাদক, র্যাগিং ও মব কালচারের মত অপরাধমূলক কর্মকান্ড থেকে শিক্ষার্থীরা বিরত থাকতে সক্ষম হবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় জুলাই বিপ্লবের মূল চেতনা অর্থ্যৎ বৈষম্যহীন সমাজ বির্ণিমানে সচেতন ও সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান|
উল্লেখ্য, ৫দিনব্যাপী উক্ত ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ হাবিপ্রবি জিমনেসিয়ামে ২০টি গ্রুপ মোট ২৩ টি ম্যাচে অংশগ্রহণ করবে।