গাইবান্ধা প্রতিনিধ:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় নিরাশা আকন্দকে (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ঘটনার পর থেকে আসামি নিরাশা আকন্দ পলাতক ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে তাকে লালমনিরহাটের হাতীবান্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিরাশা আকন্দ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে এবং একাব্বর হত্যা মামলার দুই নম্বর আসামি। অপরদিকে, হত্যার শিকার একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও পরে মসজিদ কমিটির সভাপতি হন। জানাগেছে, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে এবং একই গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান আসামিরা। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।