রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে ১১৭ বস্তা সার জব্দ করা হয়  

রংপুর (তারাগঞ্জ) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কনক কুমার দত্ত (৫৭) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার পর উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড় এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত কনক কুমার দত্ত কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।

‎‎জব্দ করা সারের মধ্যে রয়েছে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার। উদ্ধার করা এসব সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা। 

‎অভিযান শেষে জব্দ করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন বলেন, কৃষকদের সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *