‎সমুদ্রসৈকতের শহরে ভেটেরিনারিয়ানদের মিলনমেলা;প্রথম পেট সামিটে বাসাভার নতুন প্রত্যয়…….

‎
ডাঃ ফাহমিদা সুলতানা জোনাকী:

সমুদ্রের নীল জল, বিস্তীর্ণ বালুকাবেলা আর দিগন্তজোড়া ঢেউ—কক্সবাজার মানেই যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস। যতদূর চোখ যায়, শুধু নীল আর নীলের বিস্তার; একদিকে উত্তাল বঙ্গোপসাগর, অন্যদিকে দীর্ঘ বালুকাবেলা। ভোরের কোমল আলো থেকে সূর্যাস্তের সোনালি আভা—দিনের প্রতিটি প্রহরেই কক্সবাজার বদলে যায় নতুন রূপে।এই সৌন্দর্যের শহরেই এবার ভিন্ন এক মিলনমেলার আয়োজন। সমুদ্রের বিশালতার পাশে দেশের ভেটেরিনারিয়ানরা একত্র হয়েছেন জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত ভাবনা বিনিময়ের জন্য।

‎পর্যটনের এই বিশ্বনন্দিত শহর এবার শুধু অবকাশযাপনের জন্য নয়; দেশের ভেটেরিনারি চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আয়োজনেরও সাক্ষী হচ্ছে।

‎এই নৈসর্গিক পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে Bangladesh Small Animal Veterinary Association (BASAVA)-এর প্রথম ‘BASAVA Pet Summit’। ২ – ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত কক্সবাজারে আয়োজিত এই সামিট দেশের ছোট প্রাণী তথা পোষা প্রাণীর চিকিৎসা, পুষ্টি, কল্যাণ, ব্যবসা, নীতি ও পেশাগত উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্টদের একটি গুরুত্বপূর্ণ মিলনমঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে।একদিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে প্রাণী চিকিৎসাবিজ্ঞানের নতুন সম্ভাবনা—দুটি ভিন্ন জগত যেন এই আয়োজনে এসে এক বিন্দুতে মিলিত হয়েছে। 

‎বাংলাদেশে পোষা প্রাণী পালনের সংস্কৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। কুকুর, বিড়ালসহ বিভিন্ন ছোট প্রাণী এখন অনেক পরিবারের সঙ্গী ও পরিবারের সদস্যের মতোই গুরুত্বপূর্ণ। ফলে তাদের স্বাস্থ্য, পুষ্টি, রোগ প্রতিরোধ, আচরণ ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজন বিশেষায়িত জ্ঞান ও দক্ষ ভেটেরিনারি সেবা।

‎এই পরিবর্তিত বাস্তবতায় Bangladesh Small Animal Veterinary Association (BASAVA) ছোট প্রাণীদের চিকিৎসায় সংশ্লিষ্ট ভেটেরিনারিয়ানদের পেশাগত সংযোগ, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। BASAVA-এর প্রথম Pet Summit সেই পথচলাকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

‎আয়োজনের প্রথম দিনের কর্মসূচিতে ছিল হোটেল চেক-ইন, রেজিস্ট্রেশন ও কিট বিতরণ, এরপর উদ্বোধনী অনুষ্ঠান। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে BASAVA-এর কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন এবং সংগঠনের পথচলা ও উদ্যোগের ওপর আলোকপাত করা হয়।

‎উদ্বোধনী পর্বে Keynote Presentation-এ বাংলাদেশের ছোট প্রাণী চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতের বর্তমান বাস্তবতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা স্থান পেয়েছে। বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যে উঠে এসেছে পেট অ্যানিমেল সেক্টরের বিকাশ, প্রাণীস্বাস্থ্য, পেশাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট শিল্পের সম্ভাবনার বিভিন্ন দিক।

‎প্রথম দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল “Policy, Business and Clinical Practice” শীর্ষক সেশন। নামেই যার ব্যাপ্তি স্পষ্ট—ছোট প্রাণী চিকিৎসাকে শুধু ক্লিনিকের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি, ব্যবসা ও আধুনিক ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বিত আলোচনায় নিয়ে আসা।

‎এই সেশনে বাংলাদেশের উদীয়মান পেট সেক্টরের বর্তমান অবস্থা, বাজারের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনা; প্রাণী চিকিৎসায় আইনগত সক্ষমতা ও পেশাগত নৈতিকতা; ভেটেরিনারি ক্লিনিক পরিচালনার মানদণ্ড ও সম্ভাব্য চ্যালেঞ্জ; ছোট প্রাণীর বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি—এসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে।

‎এছাড়াও পেট নিউট্রিশন, ভেটেরিনারি সহযোগিতা, প্রাণীর উন্নত স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা নিয়েও রয়েছে বিশেষায়িত উপস্থাপনা। অর্থাৎ প্রথম দিনের কর্মসূচিতে একই সঙ্গে স্থান পেয়েছে নীতি, গবেষণা, ক্লিনিক্যাল দক্ষতা, পুষ্টি, ব্যবসা ও ভবিষ্যৎ পরিকল্পনা।

‎সমুদ্রের ঢেউ কখনো একই জায়গায় থেমে থাকে না। এক ঢেউয়ের পর আরেক ঢেউ এসে তীর ছুঁয়ে যায়। BASAVA-এর প্রথম সামিটও যেন তেমনই একটি নতুন ঢেউ—যা দেশের ছোট প্রাণী চিকিৎসা ও পেট কেয়ারের জগতে নতুন চিন্তা ও সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে।

‎আজকের দিনে একটি পোষা প্রাণীর চিকিৎসা শুধু অসুস্থতা নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হচ্ছে উন্নত ডায়াগনস্টিক, পুষ্টি ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক চিকিৎসা, আচরণগত স্বাস্থ্য, সার্জারি, জরুরি চিকিৎসা, প্রাণী কল্যাণ এবং মালিকের সচেতনতা। ফলে এই খাত যত বিস্তৃত হচ্ছে, ততই প্রয়োজন হচ্ছে বিশেষায়িত প্রশিক্ষণ ও পেশাগত যোগাযোগের।BASAVA আয়োজিত Pet Summit সেই প্রয়োজনকে সামনে রেখে ভেটেরিনারিয়ানদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরির সুযোগ করে দিচ্ছে।

‎সমুদ্রের নীল জল আর বিস্তীর্ণ আকাশের নিচে তাই এবারের কক্সবাজার শুধু পর্যটনের শহর নয়; এটি হয়ে উঠেছে জ্ঞান, পেশা, প্রাণীকল্যাণ ও সম্ভাবনার এক মিলনমঞ্চ।দেশ–বিদেশের দূর দূরান্ত থেকে আসা ভেটেরিনারিয়ানদের নিয়ে দিনব্যাপী সেমিনার, প্রেজেন্টেশন ও জ্ঞান-বিনিময়ের পর সমুদ্রের পাড়ের সময়টুকু যেন সামিটের আরেকটি সুন্দর অধ্যায়। এখানে গবেষণার বিষয় যেমন আলোচনায় আসে, তেমনি আসে পেশার গল্প, অভিজ্ঞতা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা। পেশাগত দূরত্ব পেরিয়ে তৈরি হয় বন্ধুত্ব ও সহযোগিতার নতুন সেতুবন্ধন।

‎ (আগামীকাল দ্বিতীয় পর্ব……….) 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *