সিটি রিপোর্টার:
রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের গ্যারেজে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড়ে কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনায় বাসে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য কষ্ট করে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহণটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।