নিজস্ব প্রতিবেদক :
উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়; এটি জীবন-জীবিকা, কৃষি ও টিকে থাকার প্রতীক। বছরের পর বছর নদীভাঙন, খরা, বন্যা ও পানিসংকটে দুর্ভোগ পোহানো তিস্তাপাড়ের মানুষের আশা ছিল, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রকল্পটির বাস্তব অগ্রগতি দেখা যায়নি।
এর মধ্যেই সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় অবকাঠামো প্রকল্প ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’। প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এতে নতুন করে প্রশ্ন তুলছেন তিস্তাপাড়ের মানুষ। পদ্মা নিয়ে বড় প্রকল্প অনুমোদন পেলেও তিস্তা এখনো কেনো অপেক্ষায় থাকবে !
তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে গত এক দশকে দেশের রাজনীতিতে এসেছে অসংখ্য প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের আলোচনা শুরু হয়। চীনের প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন ২০১৬ সালের পর টানা তিন বছর সমীক্ষা চালায়। শুরু থেকেই চীন অর্থায়নের আগ্রহ দেখালেও ভারতের আপত্তির কারণে সে উদ্যোগ আর এগোয়নি। পরে সরকারিভাবে বলা হয়, তিস্তা প্রকল্পে ভারত কাজ করবে। এত গড়াগড়ির পরেও তিস্তা মহাপরিকল্পনা কি শুধু প্রতিশ্রুতিতেই আটকে থাকবে! এমন প্রশ্নই এখন এই অঞ্চলের মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে।