কৃষি ও জনপদ ডেক্স:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ। সরকারি নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা টানা সাত দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। তবে প্রাতিষ্ঠানিক নিয়ম ও শর্ত সাপেক্ষে এই দীর্ঘ ছুটির সুবিধা শুধু নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য হবে।
সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি। অর্থাৎ, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে সবার জন্য বরাদ্দকৃত মূল ছুটি থাকছে মোট দুই দিন।
তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধ হিসেবে রয়েছে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি। তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারবেন।
যেভাবে মিলবে টানা ৭ দিনের ছুটি: সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা যদি ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি যুক্ত করেন, তবে শুরুতেই তাঁদের টানা চার দিনের ছুটি নিশ্চিত হয়।
এর সঙ্গে যদি কেউ পরবর্তী কর্মদিবস অর্থাৎ ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত নৈমিত্তিক ছুটি অনুমোদন করিয়ে নিতে পারেন, তবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন কর্মক্ষেত্র থেকে ছুটির স্বাদ নিতে পারবেন তাঁরা।
তবে জনপ্রশাসন সূত্রের বরাতে স্পষ্ট করা হয়েছে যে, এই দীর্ঘ ছুটির সমীকরণটি মূলত সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের ঐচ্ছিক ছুটির বিধিমালার ওপর নির্ভরশীল। তাই সাধারণ বা অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য এত দীর্ঘ ছুটির সুযোগ থাকছে না।