লালমনিরহাট সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাণ মন্ত্রীর গাছের চারা বিতরণ  

লালমনিরহাট প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। পরবর্তীতে নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলাই প্রকৃত দায়িত্ব। 

রবিবার (১৩ই সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের এয়ারপোর্ট রোড এলাকার শোভা বর্ধন নার্সারিতে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের গাছের উপকারিতা ও পরিচর্যার বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু হাতে চারা তুলে দিলেই হবে না। চারা কোথায় এবং কীভাবে রোপণ করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে—এসব বিষয় শিক্ষার্থীদের জানাতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী বলেন, অতীতে উন্নয়ন কর্মকাণ্ডের নামে অনেক বড়ো বড়ো গাছ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। সেই ক্ষতি কিছুটা হলেও পূরণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, গাছ অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও গাছ মানুষের সহায়ক হিসেবে কাজ করে। তাই সবুজ বাংলাদেশ গড়তে গাছের কোনো বিকল্প নেই।

একটি গাছ ভবিষ্যতে পরিবারের আর্থিক প্রয়োজনেও কাজে লাগতে পারে। তাই এখন থেকেই শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।

এর আগে মন্ত্রী লালমনিরহাটেন মহেন্দ্রনগর ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *