অনন্য রহমান, সিটি রিপোর্টার:
রংপুর নগরীর সিও বাজার টু হাসনা বাজার মহাসড়কে খানাখন্দ আর সংস্কার সামগ্রির জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, সাধারন যাত্রী ও পথচারীরা।
সম্পূর্ণ সড়কজুড়ে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দ, ভাঙাচোরা অ্যাসফাল্ট এবং রাস্তার পাশের ধসে পড়া অংশের কারণে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি হাঁটাচলাও হয়ে পড়েছে কষ্টসাধ্য।
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি সড়ক বিভাগ জরুরি মেরামত কাজ শুরু করেছে। এক্সকাভেটর দিয়ে ক্ষতিগ্রস্ত পিচ তুলে ফেলে শ্রমিকরা হাতে করে ইটের সোলিং বিছিয়ে সাময়িকভাবে গর্তগুলো ভরাটের চেষ্টা করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির পানিতে এ ধরনের কাঁচা ইটের মেরামত একেবারেই ক্ষণস্থায়ী এবং তা কোনো স্থায়ী সমাধান বয়ে আনছে না। উপরন্ত সংস্কার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আর চলমান মেরামত কাজে সড়কটি এক লেনে সংকুচিত হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। যাতায়াতে জানজটে পড়ে সময় দ্বিগুণ লেগে যাওয়ায় খতির সম্মুখীন হতে হচ্ছে এবং প্রতিনিয়ত যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই, এই সড়কে চলাচলকারী ভুক্তভোগী যাত্রী ও ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী জোড়াতালির বদলে অবিলম্বে পূর্ণাঙ্গ সড়ক পুনর্নির্মাণের দাবি জানান।