নিজস্ব প্রতিবেদক : রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবারকে মোট ২ কোটি ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয় হলরুমে এই আর্থিক সহায়তা প্রদান করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। এতে রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ করে মোট ৪৮ লাখ টাকা প্রদান করা হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ, রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করে আসছে। যাদেরকে আজ আর্থিক সহায়তা দেওয়া হলো তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারী সড়ক দুর্ঘটনার শিকার। অনেকের স্বামী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাদের পরিবারে এখন করুণ অবস্থা। সেই পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাতে করে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেন।