পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ উপলক্ষে র‍্যালি ও টিকাদান কর্মসূচি

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও কুকুরের টিকাদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় দিবসটি উপলক্ষে ওয়ান হেলথ ভিলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে অধ্যাপক ড. মো. সেলিম আহমেদের তত্ত্বাবধানে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।

এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘Stronger Together’ (একত্রে শক্তিশালী)। ২০৩০ সালের মধ্যে কুকুরবাহিত জলাতঙ্কে মানুষের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যের অংশ হিসেবে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার, ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি, অধ্যাপক ড. মো: রুহুল আমিন, অধ্যাপক ড. মো. আলী আজগর, অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ ও অধ্যাপক ড. মো: এনামুল হক কায়েসসহ অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি পরিচালনা করেন ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান।

র‍্যালি-পরবর্তী বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোস্তফা আনোয়ার বলেন, “জলাতঙ্ক একটি মারাত্মক জুনোটিক রোগ, যা প্রাণী ও মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এবারের প্রতিপাদ্য ‘Stronger Together’-এর মূল বার্তা হলো সম্মিলিতভাবে জলাতঙ্ক প্রতিরোধ করা। এ জন্য ভেটেরিনারিয়ান, চিকিৎসক, শিক্ষার্থী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে কাজ করা জরুরি।”

ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি বলেন, “জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর নিয়মিত টিকাদান ও আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান বলেন, “জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য। র‍্যালি, বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়াই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *