রংপুরে পুলিশ প্রশাসনের কৃতিত্ব 

সিটি রিপোর্টার:

রংপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আরপিএমপি কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ কমিশনার মাহাবুবুর রশীদ বলেন, একটি মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়; এর মধ্যে মানুষের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর, ছবি এবং বিভিন্ন মূল্যবান নথিপত্র সংরক্ষিত থাকে। অনেক সময় হারানো মোবাইল ফোনের এসব তথ্যের অপব্যবহার করে প্রতারণা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানির মতো অপরাধ সংঘটিত হতে পারে। তাই হারানো মোবাইল ফোন উদ্ধারের বিষয়টিকে প্রশাসন বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, মহানগরীর বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত যেসব সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেগুলো সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। 

পুলিশ কমিশনার বলেন, অনেকে ফোন হারানোর পর কিংবা চুরি হলে পুলিশকে অবহিত করে না। আমরা চাই প্রতিটি নাগরিক তার ব্যবহৃত ফোন হারালে কিংবা চুরি হলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করুক। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এসব মোবাইল ফোন উদ্ধার করার জন্য। এটি আমাদের দায়িত্ব ও নাগরিকের ফোনের তথ্য সুরক্ষায় করণীয়।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরপিএমপির অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *