সিটি রিপোর্টার, রংপুর:
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি কোনো একক রাজনৈতিক দলের দাবি নয়, এটি জনগণের দাবি— এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। প্রয়োজন হলে ৮ দফা দাবি যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের বিভিন্ন পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। লংমার্চের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হয় রংপুর জিলা স্কুল মাঠে।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লংমার্চের প্রয়োজন হতো না। জনগণ তাদের মতামত দিয়েছে। সেই গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, ৮ দফা কোনো একটি দলের একক দাবি নয়; এসব দাবি জনগণের অধিকার ও স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
লংমার্চের শুরুতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশেও তিনি বলেন, জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় ১ দফায় রূপ নিতে পারে। সরকারকে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না।
১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। বগুড়ার মাটিডালী বিমান মোড়ের পথসভা শেষে বহরটি রংপুরের দিকে রওনা দেয়। যমুনা সেতু পার হওয়া গাড়ির সংখ্যা প্রায় সাড়ে চারশো ছিল বলে সেতুর টোল প্লাজা সূত্রে জানা যায়।