সিটি রিপোর্টার:
রংপুরে গ্যারেজে পার্কিং অবস্থায় আবারো একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে মহানগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে রাখা শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে রংপুর মহানগরীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ক্ষতিগ্রস্ত বাসের মালিক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিঠু মিয়া। বাসটি রংপুর-জলঢাকা পথে চলাচল করত। এসব অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বাসমালিক ও স্থানীয় বাসিন্দারা।
গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে সাদা শার্ট ও মাস্ক পরা তিনজন যুবককে হেঁটে বাসের পাশ দিয়ে যেতে দেখেন তিনি। সিরাজুল বলেন, ‘আমি দোকানে একটা পান মুখে দিতেই দেখি গাড়ির সামনের অংশে আগুনে জ্বলছে। তখন ছেলেগুলো সোজা পথ দিয়ে দ্রুত চলে যায়।’ পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে ভোর ৩টা ৮ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, এ ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়ে থাকতে পারে। কীভাবে আগুন লাগানো হয়েছে, এখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।