সিটি রিপোর্টার, রংপুর:
রংপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম (৪০) অন্যজন জান্নাতি খাতুন বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে মিনারা বেগম মেডিকেলে ভর্তি হয়। অবস্থার অবণতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টার দিকে মারা যান তিনি। মিনারা বেগমের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
অন্যদিকে মিঠাপুকুরের জান্নাতি বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবণতি ঘটলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।
এদিকে, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগি ভর্তি হয়েছে। এর আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৪ জন রোগি চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।