সিটি রিপোর্টার,রংপুর:
১৭ বছরে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রশিবিরের প্রায় ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ১০৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন এবং এক হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়াও নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৫ হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে সংগঠন আরও বিস্তৃত হয়েছে এবং গত ১৭ বছরে ছাত্রশিবিরের সাংগঠনিক পরিধি তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে।
গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ নিহতদের স্মরণ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর আত্মত্যাগ ও জুলাইয়ের আন্দোলন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তবে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পুরোপুরি আসেনি। শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এখনো হয়নি। গণভোটে জনগণের দেওয়া রায়েরও যথাযথ বাস্তবায়ন হয়নি। বিএনপির ভোটের সময় উত্তরাঞ্চলে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এনেছে। তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার হলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই স্থায়ীভাবে ক্ষমতার বন্দোবস্ত করা সম্ভব হবে না। এ কারণেই সংবিধানের মৌলিক সংস্কারে অনীহা দেখানো হচ্ছে।
চাকুরির নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, বিসিএসসহ সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর কমানো প্রয়োজন। তাঁর মতে, ভাইভায় বেশি নম্বর ২০০ থেকে কমিয়ে ৫০ করার দাবি জানিয়ে বলেন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার করা জরুরি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ও স্মারকলিপি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে বরণ এবং ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।