মক্তব পড়তে গিয়ে ৯ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

মোঃ খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামে এক মক্তব শিক্ষকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ লিমন শাহ ওই এলাকার মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন শাহ স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি সকালে শিশুদের মক্তব পড়াতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও শিশুরা মক্তবে পড়তে যায়। মক্তব ছুটি হওয়ার পর ভুক্তভোগী শিশুটিকে সেখানে রেখে অন্যদের বাড়ি পাঠিয়ে দেন তিনি। পরে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “৯ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *