বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাঁচ বছরে ২০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ পর্যায়ক্রমে রোপণ করা হবে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাকৃবি বৃক্ষরোপণ কমিটির আয়োজনে ডেইরি ফার্ম ও বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ১০০টি তালের বীজ ও ১০০টি নিমের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো: আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, এনিমেল হাসবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ভ. মো: রকিবুল ইসলাম খান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা ।
বৃক্ষরোপণ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: হারুন অর রশীদ বলেন, ২০ হাজার বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা হিসেবে আজকে এই কর্মসূচি । আমরা নিজস্ব উদ্যোগে হর্টিকালচার ফার্মে ৫০০ তালের বীজ সংগ্রহ করেছি। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপণ করা হবে। এটি বজ্রপাত প্রতিরোধে ভূমিকা পালন করবে। পাশাপাশি নিম গাছ ও অন্যান্য গাছের চারা রোপণ হবে।
অধ্যাপক ড. মো: আবুল হাশেম বলেন, আমারা মানুষ হিসেবে এই বিশ্বের পরিচর্যাকারী। এই পৃথিবীকে সুন্দর করতে এবং টিকিয়ে রাখতে আমাদের গাছ লাগাতে হবে।
অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে সফল করতে বাকৃবির বিভিন্ন অনুষদ বৃক্ষরোপণ করেছে। অন্যান্য অনুষদ এবং প্রতিষ্ঠিনকে এই কাজে আহ্বান জানাচ্ছি। গাছ লাগালে আমাদের কোন ক্ষতি নেই বরং সব দিক থেকেই আমরা উপকৃত হই। আমাদের বাঁচতে হলে গাছ লাগাতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো ফলজ গাছ নেই। ভালো জাতের গাছ নেই। পর্যায়ক্রমে গাছ লাগিয়ে ক্যাম্পাসকে ফলে পরিপূর্ণ করতে হবে। যেসকল পুরনো গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কেটে নতুন গাছ লাগাতে হবে। পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা হবে। আমাদের সবুজ ক্যাম্পাসকে সবুজ রাখতে হবে।