পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে বাকৃবিতে ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৫ দিনব্যাপী ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এ বুনিয়াদি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং জিটিআইয়ের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এবারের প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জিটিআই’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর অধ্যাপক এ. কে. এম. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমি মনে করি এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানাই। এ ধরনের প্রশিক্ষণ প্রত্যেকের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *