সিটি রিপোর্টার, রংপুর:
ক্রীড়াক্ষেত্রে রেফারিদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরপেক্ষতা, দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রশীদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির প্রথম সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় পুলিশ কমিশনার নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন কমিটির প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান ও পূর্ববর্তী কমিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, ফুটবল মাঠে শৃঙ্খলা ও নিয়ম-নীতি নিশ্চিত করতে রেফারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তোফায়েল আহমেদসহ রংপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার গভর্নিং বডির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তাঁদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।