হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) IEEE HSTU Student Branch-এর উদ্যোগে “Powering the Future: Solar Cell Technology, Installation, and Best Practices” শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (শুক্রবার) রাত ৭টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়েবিনারে ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।IEEE PES HSTU Student Branch Chapter-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী এবং Paramount Solar Ltd.-এর বৈদ্যুতিক বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আমানুল্লাহ আমান।তিনি সোলার সেল প্রযুক্তি, সোলার পিভি (PV) ইনস্টলেশন এবং শিল্পক্ষেত্রে এ-সংক্রান্ত সর্বোত্তম চর্চা নিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা করেন।
আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক কিবরিয়া, সহযোগী অধ্যাপক ও IEEE HSTU Student Branch-এর অ্যাডভাইজর মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও অ্যাডভাইজর মো. সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও কাউন্সিলর মো. ফেরদৌস ওয়াহিদ এবং সহকারী অধ্যাপক ও অ্যাডভাইজর মো. মতিউর রহমান তারেক। এ ছাড়া প্রকৌশল অনুষদ ও সিএসই অনুষদের শিক্ষার্থীরা ওয়েবিনারে অংশগ্রহণ করেন। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে কোনো রেজিস্ট্রেশন ফি ছিল না।
ওয়েবিনার প্রসঙ্গে IEEE HSTU Student Branch-এর কাউন্সিলর ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. ফেরদৌস ওয়াহিদ বলেন,”আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম থেকে সোলার সম্পর্কে তাত্ত্বিকভাবে জানতে পারে, কিন্তু বাস্তবে এটি কীভাবে বাস্তবায়ন করতে হয়, সে বিষয়ে তাদের ধারণা প্রায় নেই বললেই চলে। আশা করি, আজকের ওয়েবিনারের মাধ্যমে তারা সেই ধারণা পেয়েছে।”
ওয়েবিনারের সমাপনী বক্তব্যে IEEE HSTU Student Branch-এর চেয়ারপারসন মো. মাহামুদুল ইসলাম বক্তা, শিক্ষকবৃন্দ, সহযোগী সংগঠন ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।