বাকৃবি প্রতিনিধি:
কৃষি ও প্রযুক্তির সমন্বয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং (বিআইই) ডিগ্রি প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘বিআইই কার্নিভাল’-এর প্রথম দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ৩টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের কম্পিউটার ল্যাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগ এ কার্নিভালের আয়োজন করে। এতে বিভাগের অধ্যাপক মো. মোস্তাগীজ বিল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় তিন সদস্যের ১৩টি দল অংশ নেয়। প্রতিটি দলকে সমাধানের জন্য দেওয়া হয় নয়টি সমস্যা। সমাধান করা সমস্যার সংখ্যার ভিত্তিতে সেরা তিনটি দল নির্বাচন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষ থেকে একজন করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ তৈরি করা এবং কৃষি প্রযুক্তির সঙ্গে প্রোগ্রামিংয়ের কার্যকর সমন্বয় ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম প্রোগ্রামিং প্রতিযোগিতা। ভবিষ্যতে এর পরিসর বাড়িয়ে ময়মনসিংহ অঞ্চলের কম্পিউটার বিজ্ঞানসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করে জাতীয় বা আঞ্চলিক পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এবারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের কিছু সমস্যা রাখা হয়েছে। এসব সমস্যা সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা আরও বিকশিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
দুই দিনব্যাপী এ কার্নিভালের দ্বিতীয় দিনে শ্রবণ প্রতিযোগিতা, ইন্টিগ্রেশন বি, দাবা, ধাঁধা সমাধান, পিলো পাসিং ও ক্রিকেটসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি হবে।