নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ফয়সাল রিসোর্টের কনফারেন্স হলে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে মঙ্গলবার (২ জুন ২০২৬) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আমিনুর রহমান, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সদর, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর রিজিওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসএম মোঃ আবু সায়েম, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ, ঠাকুরগাঁও।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাজিকুল ইসলাম রাজু, ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী, নারগুন, ঠাকুরগাঁও।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের লাভজনকতাও উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। তারা খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসব উদ্যোগ দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।