বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের চারদিন ব্যাপী ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষদ সংলগ্ন ধূমকেতু মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের সকল বিভাগের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।
ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘দীর্ঘদিন পর মাৎস্যবিজ্ঞান অনুষদে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করা। খেলাধুলা বিনোদনের অন্যতম সুন্দর মাধ্যম। পাশাপাশি খেলার মাঠে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে খেলাধুলার বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহনশীলতার অভাব দেখা যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’
আয়োজক সূত্রে জানা যায়, অনুষদের চার শিক্ষাবর্ষের মোট চারটি দলের অংশগ্রহণে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপনী ঘটবে। এছাড়া প্রতিটি দলের সার্বিক দিক নির্দেশনায় দুইজন করে শিক্ষক ‘টিম ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করছেন।