দেশের সংকটে বারবার দায়িত্ব নিয়েছেন জিয়াউর রহমান: বাকৃবি উপাচার্য

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় সংকটের মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। তিনি বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজনের সফলভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংকট মোকাবিলা ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। অথচ দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।’

তরুণ প্রজন্মের দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের নিতে হবে।’

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *