পুষ্টি গবেষণায় একসঙ্গে কাজ করবে বাকৃবি ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

পুষ্টি উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে পুষ্টি ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কানাডার সহযোগিতায় নেওয়া এ উদ্যোগকে পারস্পরিক সম্পর্ক জোরদার ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, ‘আমি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং অধ্যাপক (অব.) ড. মো. বোরহান উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. এ. কে. এম. মুছা, জাতীয় প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আলম খান, প্রোগ্রাম অফিসার আকিব আবরারসহ কেন্দ্রীয় গবেষণাগারের কর্মকর্তা ও কর্মচারীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পুষ্টি উন্নয়ন ও গবেষণায় জ্ঞান বিনিময় এবং সহযোগিতামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *