সিটি রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে সেবা ও সক্ষমতা উৎসব পালন করা হয়। শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সার্জন ডা. মো. মাসুদ রানা। ডোরস্ ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) রংপুর বিভাগীয় শাখা আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি শাহ মোহাম্মদ ফেরদৌস আলম তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।
বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি’ (DIS) সমগ্র বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিতে কাজ করছে। ভবিষ্যতেও সবার জন্য সমান সুযোগ ও প্রবেশগম্যতা নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ গঠনে এই ধারা অব্যাহত থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমান অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।”
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রত্যক্ষ সহায়তাসামগ্রী বিতরণ। আয়োজনে শতাধিক মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি এবং চিকিৎসাসাহায্য প্রদান করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করতে তবলা ও হারমোনিয়ামসহ নানা সংগীত উপকরণ বিতরণ করা হয়। বক্তব্যে বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।