লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে প্রাতঃ ভ্রমণে বের হয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েেছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার কালভার্টের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজ শেষে চিকিৎসকের পরামর্শে সকালে হাঁটতে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাদের একজনের কিডনির সমস্যা এবং অন্যজনের ডায়াবেটিস ছিল। চিকিৎসকের পরামর্শে তারা নিয়মিত সকালে হাঁটতে বের হতেন।
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের এ অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। তারপরেও চালকদের বেপরোয়া গতির কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ মহাসড়কে গত দুই বছরে শনিবারের দুর্ঘটনায় নিহত দুই নারীসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।