অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ

কুবি প্রতিনিধি:

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার এবং চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মৌন মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

মৌন মিছিল শেষে শিক্ষার্থী ফারহা খানম বলেন, “আমাদের ভাই হারানোর যে শোক, সে শোক থেকে আমরা প্রতিবাদে নেমেছি। একই সাথে আমাদের ৪ দফা দাবি, সে দাবির অগ্রগতি কতদূর প্রশাসনের কাছে প্রশ্ন রইল।

শাহানাজ বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের অপরাধের বয়সজনিত কারণে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা একটি মানুষকে হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত, তাদের শুধু বয়সের বিবেচনায় শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের আইনি সীমাবদ্ধতা ও অসংগতি দূর করার উদ্যোগ নেওয়া হোক এবং অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হোক।’

মাহিন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন আসামিদের বয়স নিয়ে দ্বিচারিতা করছে৷ তাদের শাস্তি এড়ানোর জন্য তাদের বয়স লুকিয়ে সংশোধনাগারে পাঠিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণসহ আমাদের চার দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *