হাবিপ্রবিতে বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স ও এআই উদ্ভাবনে আন্তর্জাতিক কংগ্রেস

হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোমবার (২৯ জুন) সকাল ১১টায় শুরু হয়েছে আন্তর্জাতিক কংগ্রেস অন বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স, এআই ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ইমার্জিং টেকনোলজিস (ICBISET-2026)। বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক চেয়ার অধ্যাপক ড. এম. সোহেল রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও হাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা।  

কী-নোট স্পিকার প্রফেসর ড. এম. সোহেল রহমান বলেন, “র‍্যাংকিং এ এর পূর্বশর্ত হলো অ্যাক্রিডেশন। বিশ্ববিদ্যালয়ের চলমান বিভাগ ও নতুন বিভাগগুলোর অ্যাক্রিডেশন করা জরুরি। জেনে আনন্দিত হয়েছি যে সম্মানিত ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছেন।”  

উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সব গবেষণা কাজ হয় সেগুলো বাহিরে খুব কমই প্রকাশ পায়। এজন্য আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম প্রয়োজন। ধন্যবাদ আয়োজকদের এমন আয়োজন করার জন্য।” তিনি আরও জানান, সিএসই ফ্যাকাল্টিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগ এবং ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি সহ তথ্য প্রযুক্তির ৭/৮টি বিভাগ নিয়ে নতুন ফ্যাকাল্টি খোলার পরিকল্পনা রয়েছে।  

সভাপতি ড. তানজিনা সুলতানা তার বক্তব্যে জানান, এ বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ IEEE CS HSTU SBC পক্ষ থেকে আরও একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে।  

কংগ্রেসের দ্বিতীয় পর্ব একই দিন সন্ধ্যা ৭টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। এ পর্বে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কীনোট বক্তব্য উপস্থাপন করবেন। বক্তাদের মধ্যে থাকবেন ডুয়েটের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কেইএআইএসটি-এর পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির গবেষক উমাইর কুদুস।  

দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কংগ্রেসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা সরাসরি অংশগ্রহণ করছেন। সন্ধ্যার অনলাইন পর্বে দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। বিভিন্ন মূল প্রবন্ধ উপস্থাপন ও কারিগরি আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কংগ্রেসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *