রংপুরে শিক্ষক গণপতি ও তার পরিবারের চার সদস্যকে হত্যা ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

সিটি রিপোর্টার: রংপুর নগরীর মাছয়াপাড়ায় (দাসপাড়া) জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে কথা বলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণপতির বাসায় গচ্ছিত টাকা-পয়সা ও গহনা চুরি করতে গিয়েই পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।

মাহবুবুর রশীদ বলেন, বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। মামলায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করেই চার্জশিট দাখিল করা হয়েছে। ৫৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ৬৬ টি আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই দুজন ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এর আগে মরদেহ উদ্ধারের পর তৎকালীন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, ছাদে মাদক সেবন দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তী ও পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন।

আলোচিত এ হত্যাকাণ্ডে আসামিদের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *