বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে চারজনকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন এবং বহিরাগত সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।
অভিযানের সময় ওই কক্ষ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের ভাষ্য, পুলিশ উপস্থিত হওয়ার পর অভিযুক্তরা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইন-চার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, অফিশিয়াল কাজ শেষ করে বাসায় যাওয়ার পর গেস্ট হাউসের স্টাফদের কাছ থেকে ফোন পাই। তারা জানান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্টাফ মিথুনের নামে গেস্ট হাউসের ৬ নাম্বার কক্ষটি বুকিং করা ছিল। ওই কক্ষে কিছু অপরিচিত মানুষের অনাকাঙ্ক্ষিত আসা-যাওয়া, মোটরসাইকেল রাখা ও সন্দেহজনক চলাফেরা দেখা যাচ্ছিল।
তিনি আরও বলেন, গেস্ট হাউসে অন্যান্য অতিথিরাও অবস্থান করছিলেন। তাই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্টাফদের একা একা বিষয়টি মোকাবিলা না করার জন্য বলি। পরবর্তীতে সহকারী প্রক্টরের সঙ্গে ফোনে কথা বলি। তিনি প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমসহ দ্রুত ৬ নাম্বার কক্ষে উপস্থিত হন। কক্ষটি খোলার পর ভেতরে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে বুকিংধারী স্টাফের পাশাপাশি একজন এসি মেকানিক এবং বাকি দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষের ভেতর তীব্র উৎকট গন্ধ ছিল এবং তাদের আচরণও অস্বাভাবিক মনে হচ্ছিল। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবাসহ একটি কিট আলামত হিসেবে জব্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, রাত পৌনে ৮টার দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে যায়। দরজা খুলে কক্ষে প্রবেশের পর ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।
কোতোয়ালি থানার এসআই মাহবুব জানান, আটক চারজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।