বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছেন কৃষি অনুষদের বিভিন্ন লেভেলের প্রতিনিধিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধিরা।

রবিবার (১ নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষি অনুষদের সিনিয়র শিক্ষার্থী প্রতিনিধি মো. সানাউল্লাহ শেখ নবনিযুক্ত ডিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষদের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সেশনজট কমিয়ে একাডেমিক কার্যক্রম গতিশীল করা, করিম ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে অচল শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) সচল করা, পর্যাপ্ত মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য স্থায়ী পার্কিং গ্যারেজ নির্মাণ এবং বিশুদ্ধ পানির ফিল্টারগুলো সার্বক্ষণিক সচল রাখা।

এ সময় সানাউল্লাহ শেখ বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান জরুরি। বিশেষ করে সেশনজট নিরসন, শ্রেণিকক্ষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমরা আশা করি, নবনিযুক্ত ডিন মহোদয়ের নেতৃত্বে এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

এ সময় শিক্ষার্থী প্রতিনিধি সোলেমান সানি বলেন, “কৃষি অনুষদের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও অনুষদের উন্নয়নে আমরা নবনিযুক্ত ডিন মহোদয়ের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। একই সঙ্গে অনুষদের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের উন্নয়নে তাঁর গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি অনুষদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করা সম্ভব।”

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষি অনুষদের শিক্ষা ও অবকাঠামোগত পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *